নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পরিল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাসি খাতুন (২৬), ইসলাম (২৪), আল আমিন (২৫), মুর্শিদুল (৩২), মহসিন (৩০), নাফিজুল (২৭), ইমন (২৩), মিলন (১৮), সিরাজুল (৫৫), ফরহাদ (৪৮), আইনাল (৪৫), আসাদ (৩৮), রুবেল (৩৫), ফরহাদ (৪১), হাফিজ (৩৪), সাকিল (৪০), মাহফুজুল (৩৪), রাব্বানী (৩৬), রহিদুল (৩৮), রুবেল (৪২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পারিল গ্রামের একটি জায়গা দখল নিয়ে ওই গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালামের মধ্যে বিরোধ চলে আসছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও আবুল কালাম গ্রুপের লোকজন ওই জায়গায় বাঁশ ও টিন দিয়ে ছাপড়া ঘর নির্মাণ করতে গেলে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিরোধপূর্ণ একটি জায়গায় একপক্ষ ধান কাটা শ্রমিকদের থাকার ঘর নির্মাণ করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’



