ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

এতে পথচারীদের চলাচল সহজ হবে এবং সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর)

Location :

Phulbari
গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা
গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা |সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৭ মার্চ) দুপুরে স্থানীয় নিরমতলা মোড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশের ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছিল। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতেন। এতে প্রায়ই যানজট ও ছোট-বড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটত।

অভিযানে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয় এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফুটপাত দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, এতে পথচারীদের চলাচল সহজ হবে এবং সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।