ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাজার লকডাউন

‘প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে। যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।’‎

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
হামলার প্রতিবাদে পুরোপুরি লকডাউন বাজার
হামলার প্রতিবাদে পুরোপুরি লকডাউন বাজার |নয়া দিগন্ত

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ব্যবসায়ী ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে লকডাউন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই কর্মসূচি পালিত হয়। পরে পুলিশ প্রশাসন ও চেয়ারম্যান ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল ৩টার পর লকডাউন কর্মসূচি তুলে নেন ব্যবসায়ীরা।

এর আগে, ‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এক ফুটবল খেলা ঘিরে ওই ঘটনার সূত্রপাত হয়।

‎জানা যায়, উচাখিলা বাজারের ব্যবসায়ী হাদিউল বাশার সুমনের ছেলে ফাহিম (১২) ও একই ইউনিয়নের চরআলগী গ্রামের কলিম উদ্দিনের ছেলে নিক্সনের (২২) মধ্যে ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা হয়। খেলার মাঠ থেকে ঝগড়া গড়ায় দুই পক্ষের লোকদের মাঝে। একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিক্সনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে উচাখিলা বাজারের ব্যবসায়ী হাদিউল বাশার সুমন ও তার দোকানপাটে অতর্কিত হামলা চালায়।

‎এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই ভুক্তভোগী হাদিউল বাশার সুমন কয়েকজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।‎

পরে ‎এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে উচাখিলা বাজার ব্যবসায়ী সমিতি শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য উচাখিলা বাজারে লকডাউন কর্মসূচি ঘোষণা করে। ফলে স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে এসে চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বাজার সমিতির লোকজনদের নিয়ে বসে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পরে পুলিশ প্রশাসন ও চেয়ারম্যানের আশ্বাসে বিকেল ৩টার পর লকডাউন কর্মসূচি তুলে নেয় বাজার কমিটি।

‎স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘বিষয়টি নিয়ে বাজার সমিতির লোকজনদের সাথে কথা বললে ব্যবসায়ীরা লকডাউন কর্মসূচি উঠিয়ে নেয়। প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে। যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।’‎

‎এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘দোকানপাটে হামলার ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে উচাখিলা বাজার ব্যবসায়ী সমিতির লোকজনকে বুঝিয়ে লকডাউন ভেঙে বাজারের দোকানপাট খুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’