নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সীবাড়ি ব্রিজ সংলগ্ন ধানক্ষেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই কিশোরের নাম মো: আবদুল আহাদ (১৭)। তিনি চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।
নিহতের মামা মো: আজাদ বলেন, দুই বছর আগে আহাদের মায়ের সাথে তার বাবার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত আহাদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক মোবাইলফোনে আহাদের মাকে জানান, আহাদ রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ সে নিখোঁজ ছিল।
রোববার দুপুরে জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের
লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: হাবীবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’



