কাউখালীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মহাদেব বিশ্বাস পিরোজপুর থেকে মোটরসাইকেলে ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা থেকে তালুকদার হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালী থানা, পিরোজপুর
কাউখালী থানা, পিরোজপুর |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব বিশ্বাস (৪০) নামে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সোয়া ৬টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা-তালুকদার হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাদেব বিশ্বাস ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি হিসেবে পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় দায়িত্ব পালন করতেন।

নিহতের সহকর্মীরা জানান, মহাদেব বিশ্বাসের গ্রামের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার ধলেশ্বরগাতী গ্রামে। তিনি পিরোজপুর থেকে মোটরসাইকেলে ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা থেকে তালুকদার হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর অটোরিকশা চালক ও পথচারীরা সড়কের ওপর দু’টি মোটরসাইকেল ও রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা ঘটনাটি পুলিশকে অবহিত করেন। এ সময় দুর্ঘটনায় জড়িত অপর মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেল ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা-তালুকদার হাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত অপর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।