ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সিভিল জজ আদালতের বিচারক আরিফ হোসাইন এই নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়, বিগত ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার সময় মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাওয়াই নামক রোডে আপনি আপনার ‘কাপ-পিরিচ’ প্রতীকের সমর্থনে একটি নির্বাচনী প্রচার মিছিল করেছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনি এলাকা-১৪০, জামালপুর-৩-এর কাছে আসা অভিযোগ ও তৎসংশ্লিষ্ট একটি ভিডিও ক্লিপ যাচাই অন্তে দেখা যায় যে আপনি উক্ত মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় বর্ণিত অভিযোগের বিষয়ে কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘আমরা নিজেরা কোনো ড্রোন ব্যবহার করিনি। কোনো সাংবাদিক ভাই তাদের প্রফেশনের প্রয়োজনে ব্যবহার করে থাকলে সেটা আমাদের অজানা ছিল। আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের জন্য বলি নাই।’



