সিলেটে এসএমপির অভিযান ৩২ ঘণ্টায় আটক ৭১

সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে এসএমপির অভিযান ৩২ ঘণ্টায় আটক ৭১
সিলেটে এসএমপির অভিযান ৩২ ঘণ্টায় আটক ৭১ |নয়া দিগন্ত

সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী।

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামি তিনজন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আটজন আসামিকে গ্রেফতার করা হয়।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরো পৃথক অভিযানে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদকসেবী, নয়জন সন্দেহভাজন ব্যক্তি, চারজন নিয়মিত মামলার আসামি, তিনজন জুয়াড়ি এবং দুইজন হকার রয়েছে।

শনিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।