মানসম্মত পাঠ্যপুস্তক ও অনুবাদগ্রন্থ প্রকাশে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগ

গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
মানসম্মত পাঠ্যপুস্তক ও অনুবাদগ্রন্থ প্রকাশে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগ
মানসম্মত পাঠ্যপুস্তক ও অনুবাদগ্রন্থ প্রকাশে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগ |নয়া দিগন্ত

মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি।

এ লক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে ‘কো-পাবলিকেশনস’ কার্যক্রমের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক প্রকাশের পাশাপাশি অনুবাদগ্রন্থ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব বইয়ের প্রণয়ন থেকে শুরু করে মুদ্রণ, প্রকাশ ও বিপণন পর্যন্ত দুই প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করার ফলে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আরো মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশের সুযোগ তৈরি হবে।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে বাংলা ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণাকে আরো সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে। এই সহযোগিতা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরো বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, যৌথ প্রকাশনা কার্যক্রম উচ্চশিক্ষায় মানসম্মত পাঠ্য ও গবেষণাভিত্তিক বইয়ের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সাথে এ উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দফতরের পরিচালক ড. ফারুক আহম্মদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো: সাইফুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।