মিরসরাইয়ে ভোটারদের উপস্থিতি জনসভায় রূপ নেয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে যেন ভোটারদের ঢল নামে। বেলা বাড়ার সাথে সাথে নারী-পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কিছু কিছু কেন্দ্র জনসভায় রূপ নেয়।

Location :

Mirsharai
মিরসরাইয়ের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো
মিরসরাইয়ের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে যেন ভোটারদের ঢল নামে। বেলা বাড়ার সাথে সাথে নারী-পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কিছু কিছু কেন্দ্র জনসভায় রূপ নেয়।

উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি মাঠ ভরে গেছে। অনেকে মাঠ ছাড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এছাড়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি অনেক বেশি।

ভোট দিতে আসা আবুল কাশেম বলেন, ১৭ বছর ভোট দিতে পারিনি, এবার ভোট দিয়েছি। আশা করছি ধানের শীষ বিজয়ী হবে। ভোটারদের উপস্থিতি দেখে মনে হচ্ছে জনসভা চলছে।

এদিকে সকালে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিষ্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। মোট ভোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮। ১০৬টি কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপনের করা হয়েছে। মিরসরাই থানায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক ঝুঁকিপূর্ণ, জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক ঝুঁকিপূর্ণ। দুটি থানা মিলিয়ে ১০৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ণ। এ আসনে এবার ১৮ বছর থেকে ৩৩ বছর বয়সের ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন।

জানা গেছে, এ আসনে প্রার্থী রয়েছে ৭জন। প্রতিদ্বন্দ্বীতা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, মিরসরাইয়ে সবকটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।