কুষ্টিয়ায় গভীর রাতে পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন

আমি বাইরে ছিলাম। কিছুক্ষণ পর পাম্পে ফিরে দেখি শত শত মোটরসাইকেলের ভিড়। বুঝলাম না, কোথা থেকে কোন গুজবে হুট করে এরকম চাহিদার সৃষ্টি হলো।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
গভীর রাতে পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন
গভীর রাতে পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন |নয়া দিগন্ত

কুষ্টিয়া শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে রোববার (১৯ জুলাই) রাতে হঠাৎ করেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সন্ধ্যার পর থেকে শহরের একাধিক পাম্পে তেল সংগ্রহের জন্য উপচে পড়া ভিড় জমে। অনেক পাম্পে পেট্রোল ও অকটেনের সঙ্কট দেখা দেয়ায় বহু চালক খালি হাতে ফিরে যান।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টির খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রেক্ষাপটে তেলের সঙ্কট ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় অনেকেই আগেভাগে মোটরসাইকেলের ট্যাংক পূর্ণ করে রাখার চেষ্টা করেন। ফলে এক রাতের মধ্যেই শহরের পাম্পগুলোতে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়।

শহরের মজমপুর গেটের মোজাফফর ফিলিং স্টেশন, মেসার্স কুষ্টিয়া স্টোর ও এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফিলিং স্টেশনসহ একাধিক পাম্পে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ সারি রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক চালক দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

পাম্প কর্মচারীরা জানান, স্বাভাবিক দিনের তুলনায় রোববার রাতে ক্রেতার সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হঠাৎ এত চাহিদা তৈরি হওয়ায় কিছু পাম্পে সংরক্ষিত তেল দ্রুত শেষ হয়ে যায়।

মোজাফফর ফিলিং স্টেশনের মালিক আমিনুল ইসলাম খোকা বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ অত্যধিক চাপ সৃষ্টি হয়।

হঠাৎ এমন ভিড়ের কারণ সম্পর্কে জানতে চাইলে মেসার্স কুষ্টিয়া স্টোরের মালিক ও কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এন এম আব্দুল হাই তপু জানান, সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা থেকে কিছু লোক আমাকে মোবাইলফোনে জিজ্ঞাসা করে আমার পাম্পে পেট্রোল আছে কি-না। আমি তাদেরকে জানাই, আছে।

তিনি আরো জানান, আমি বাইরে ছিলাম। কিছুক্ষণ পর পাম্পে ফিরে দেখি শত শত মোটরসাইকেলের ভিড়। বুঝলাম না, কোথা থেকে কোন গুজবে হুট করে এরকম চাহিদার সৃষ্টি হলো। তবে দেশে তেলের কোনো সঙ্কট নেই। অন্যান্য কোনো জেলাতেও এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সোমবার (২০ জুলাই) সকালে সরেজমিনে শহর ও শহরতলীর পাম্পগুলোতে গিয়ে দেখা যায়, সব তেল পাম্পের পরিবেশ স্বাভাবিক রয়েছে।