নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় মুমিনুল মিয়া নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
দীর্ঘ দেড় মাস পর শুক্রবার (৩ জুলাই) ভোরে উপজেলার মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। তাকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন শাহিন মিয়াকে আসামি করে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করেন। ১৭ মে বিকেলে অটোরিকশাচালক মুমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। পরে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় মুমিনুল মিয়া তাকে এক দফা টাকা দিয়েছেন বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে লাঠি দিয়ে অটোচালকের মাথায় আঘাত করে।
এতে মুমিনুল অসুস্থ হয়ে পড়লে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ মে ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অটোরিকশাচালক মুমিনুল মারা যাওয়ার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত শাহিন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ দেড় মাস পর শুক্রবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকা থেকে প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশাচালক মুমিনুল হত্যকাণ্ডের ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



