জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবীসহ ১৫৩২ জন নতুন সদস্য। যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অংশ নিয়েছেন।
রোববার গাজীপুরের আহনাফ কিচেনে অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম জানান, সারাদেশে বিভিন্ন পেশার মানুষ এনসিপিতে যোগদান করছেন এবং তারা সংগঠনটিকে দেশের জন্য নিরাপদ মনে করছেন। গাজীপুরে নতুন সদস্যদের মধ্যে ১ হাজার ২৮ জন অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করে এবং বাকিরা সরাসরি ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যুক্ত হয়েছেন।
তিনি আরো বলেন, যোগদানকারী সদস্যরা পর্যায়ক্রমে এনসিপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিকশক্তির কার্যক্রমে অংশ নেবেন।
সভায় সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন।
আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ নিয়েই তিনি এনসিপির সাথে যুক্ত হয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।



