ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের ডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সয়ানি রসুলপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া (৫০)। তিনি পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার কাশিগঞ্জের খুরশানগর এলাকার মরহুম তৈয়ব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন রসুলপুর এলাকার ছয়ানী হিরালি মোড় সংলগ্ন লেঞ্জিপুল নামক স্থানে একটি গাছের ডালে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তি ঝুলন্ত উলঙ্গ লাশ দেখতে পান। পরে স্থানীয়রা গফরগাঁও থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, তাকে অন্যত্র মেরে ফেলে লাশটি এখানে এনে একটি গাছের ডালে ঝুলিয়ে রাখেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরো জানান, এ ঘটনা হত্যা না আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।



