নলডাঙ্গায় রেল স্টেশনের ওভারব্রিজের সাথে ধাক্কায় ট্রেনযাত্রী নিহত

ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকালে মাধনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী অসতর্কতাবশত ওভারব্রিজের সাথে ধাক্কা খান।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
মাধনগর রেলস্টেশনের ওভারব্রিজ
মাধনগর রেলস্টেশনের ওভারব্রিজ |সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত যুবক ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন।

বুধবার (২৭ মে) সকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের ওভারব্রিজে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকালে মাধনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী অসতর্কতাবশত ওভারব্রিজের সাথে ধাক্কা খান। এতে তারা দু’জনই ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যাত্রী মারা যান। আহত অপর যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি শান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, মাধনগর রেলওয়ে স্টেশনের ওই ওভারব্রিজে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে একই ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে এক শিশুর মৃত্যু হয়েছিল। এছাড়া গত কয়েক বছরে একই ওভারব্রিজে ধাক্কা লেগে অন্তত ১৪-১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।