প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘জৈন্তাপুর উপজেলায় বিষমুক্ত ও মানসম্মত শাকসবজি দীর্ঘ সময় সতেজ রাখতে এবং চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শ্রীঘ্রই একটি আধুনিক হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘জৈন্তিয়া অঞ্চলে প্রতি বছর বিপুল পরিমাণ নাগা মরিচ, টমেটো, তরমুজ ও বিভিন্ন মৌসুমি শাকসবজি উৎপাদিত হয়। কিন্তু স্থানীয় পর্যায়ে কোনো সরকারি বা বেসরকারি সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর ভরা মৌসুমে উৎপাদিত ফসলের একটি বড় অংশ পচে নষ্ট হয়ে যায়।’
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বাইসাইকেল প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘কৃষকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই দেশের খাদ্য উৎপাদনে কৃষকদের অবদান অপরিসীম। উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। কৃষকের জীবন মান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে আমি সকলকে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদানের উদ্দেশ্য হলো তাদের শিক্ষার পথকে আরো সহজ করা। অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে যাতায়াত করে। এই সহায়তা তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে এবং ঝরে পড়া কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।’
মন্ত্রী আরো বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিল্ডিংসহ অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এজন্য জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দশনা প্রদান করা হচ্ছে।’
এর আগে, মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে একটি ইসিজি মেশিন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সামছুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।



