মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার নিমতলা এলাকার সুখের ঠিকানাথ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নারীনেত্রী ও কর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নারী বিভাগের প্রধান বিউটি বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদিখান–শ্রীনগর) ১০ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজী।
এ সময় তিনি বলেন, ‘মুন্সীগঞ্জ-১ আসনের সব ধরনের বৈষম্য দূর করে অবহেলার গ্লানি থেকে মুক্ত করতেই আমি এমপি হতে চাই। অতীতে এ এলাকার মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, আমি নির্বাচিত হলে তা বাস্তবায়নের মাধ্যমে এ এলাকাকে একটি মডেল ও আন্তর্জাতিক মানের অঞ্চলে রূপান্তর করব।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস, সিরাজদিখান উপজেলা সেক্রেটারি আকলিমা রহমান এবং শ্রীনগর উপজেলা নারী বিভাগের সেক্রেটারি সাবিনা আক্তার মুক্তা।
বক্তারা বলেন, নারী সমাজ আজ নানামুখী অবক্ষয় ও বৈষম্যের শিকার। নারীদের অধিকার ও নিরাপত্তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোকে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশ শেষে দেশ, জাতি ও নির্যাতিত মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সুখের ঠিকানাথ মাঠের সামনে থেকে একটি গণসংযোগ ও মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেয়াইন ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।



