দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায়, চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুনের ছেলে অটোরিকশার চালক ফারুক (৪২) ও বাসের যাত্রী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৪৮) নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করেছে। নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় আহত ৭ জন বাসযাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।



