নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় গৃহবধূ নাসিমা বেগমের হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে আয়োজিত মানববন্ধনে নিহত নাসিমা বেগমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনপূর্ব আয়োজিত সভায় বক্তারা বলেন, গৃহবধূ নাসিমা বেগমের হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার জালাল মিজির ছেলে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেবর আলাল মিয়ার হামলায় ভাবি নাসিমা বেগম (৪২) নিহত হন।



