চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাশনে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পুকুরে ডুবে লাবিব মাহমুদ খান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ডাকবাংলো পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব মাহমুদ খান চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং চরফ্যাসন আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় মাঠে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শেষে লাবিব তার বন্ধুদের সাথে বিদ্যালয়ের বিপরীত পাশের ডাকবাংলো পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকারে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে নিহতের বাবা কোর্ট থেকে এসে উদ্ধার কাজে অংশ নেন। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ছেলেকে মৃত ঘোষণা করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো পরিবারে শোকে স্তব্ধ।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বলেন, বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল খেলা চলছিল। খেলা শেষে লাবিব বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, ঘটনার খবর পেয়েই আমি দ্রুত পুকুরপাড়ে যাই। আমার সামনেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।



