র‌্যাম্প ছিঁড়ে ভেসে গেল পন্টুন, পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে পারাপার বন্ধ

বাইগার নামে রো রো ফেরিটি ৪ নম্বর ঘাটে ভেড়ার আগ মুহূর্তে হঠাৎ র‌্যাম্পের লোহার মোটা তার ছিঁড়ে যায়। এ সময় পন্টুনটি প্রবল স্রোতে ভেসে যায়।

নয়া দিগন্ত অনলাইন
মানিকগঞ্জের পাটুরিয়ায় র‌্যাম্পের তার ছিঁড়ে পদ্মার তীব্র স্রোতে পন্টুনসহ ভাসছে ফেরি
মানিকগঞ্জের পাটুরিয়ায় র‌্যাম্পের তার ছিঁড়ে পদ্মার তীব্র স্রোতে পন্টুনসহ ভাসছে ফেরি |সংগৃহীত

পন্টুনে ফেরি ভিড়তে গিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় র‌্যাম্পের তার ছিঁড়ে গেছে। এর ফলে পন্টুনসহ র‌্যাম্প পদ্মার তীব্র স্রোতে ভেসে গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ৪ নম্বর ঘাট দিয়ে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম আবদুস সালাম জানান, বাইগার নামে রো রো ফেরিটি ৪ নম্বর ঘাটে ভেড়ার আগ মুহূর্তে হঠাৎ র‌্যাম্পের লোহার মোটা তার ছিঁড়ে যায়। এ সময় পন্টুনটি প্রবল স্রোতে ভেসে যায়। পরে উদ্ধারকারী টাগ জাহাজ দিয়ে পন্টুন ও র‌্যাম্পটি টেনে ঘাটের কাছে রাখা হয়েছে। আপাতত চার নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার বন্ধ রয়েছে।

ঘাটটি পুনরায় স্থাপনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি