পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি লংগদু-বাঘাইছড়ি সার্কেল মো: মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো: তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওয়াসিফ রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো: এখলাছ মিঞা খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এএল এম সিরাজুল ইসলাম এবং ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



