ভারত থেকে বেনাপোলে এলো আরো ১৫ ট্রাক চাল

এর আগে, গত ২৭ জানুয়ারি চাল আমদানি করা হয়েছিল। এ নিয়ে দুইদিনে এক হাজার ৩৫০ টন চাল আমদানি হলো।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
আমদানিকৃত চালের ট্রাক
আমদানিকৃত চালের ট্রাক |নয়া দিগন্ত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে আরো ১৫ ট্রাক চাল আমদানি করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভারতীয় আমদানিকৃত চালের দু’টি চালানে ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এর আগে, গত ২৭ জানুয়ারি চাল আমদানি করা হয়েছিল। এ নিয়ে দুইদিনে নয়টি চালানে ৩৭টি ট্রাকে এক হাজার ৩৫০ টন চাল আমদানি হলো।

এ চালের আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোলের মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স। দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার।

বন্দর সূত্র জানায়, গত বছরের আগস্ট-নভেম্বর এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ছয় হাজার ১২৮ টন। চলতি মাসের ১৮ জানুয়ারি ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে আমদানি করা চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা প্রতি কেজি চালের সব খরচসহ দাম পড়েছে ৫০ টাকা।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুইদিনে ৩৭টি ট্রাকে এক হাজার ৩৫০ টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানি করা চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেয়া হয়েছে।