সিলেটের গোলাপগঞ্জ থেকে বিদেশী এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (৭ জুলাই) র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডি মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে অস্ত্রগুলো কারা সেখানে লুকিয়ে রেখেছিল এবং এর পেছনে কোনো অপরাধী চক্র জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



