বিএনপি সরকারের মন্ত্রী সভার সদস্য হয়ে নিজ জেলা যশোরবাসীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি দু'দিনের সফরে নিজ জেলা যশোরে আসেন। এদিন তাকে ফুল দিয়ে বরণ করে যশোরবাসী। এসময় তিনি নির্বাচনের আগে যশোরবাসীর উদ্দেশ্য দেয়া তার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার বাস্তবায়নের পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার পর অনিন্দ্য ইসলাম অমিত ঢাকা থেকে বিমান যোগে যশোর এসে পৌছান। যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিতকে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে অনিন্দ্য ইসলাম অমিত রাষ্ট্রীয় প্রটোকলে যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি যশোরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি তার জন্য আমি যশোরবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।



