চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিকে ঘিরে দৈনিক নয়া দিগন্তে অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে তদন্তে নেমেছে শিল্প মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) শিল্প মন্ত্রণালয় থেকে গঠিত এক তদন্ত কমিটি বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য কাজ শুরু করেছে।
শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক পত্রে জানানো হয়, গত ২৮ জুন একটি জাতীয় দৈনিকে ‘কেরুর দুর্নীতি ও অনিয়ম’, ‘লোকসানের মুখে কেরু’, ‘অতিরিক্ত দামে বোতল ক্রয়’, ‘ঘুষের মাধ্যমে নিয়োগ ও বদলি বাণিজ্য’, ‘মাদকদ্রব্য আইনের লঙ্ঘন’, ‘একচ্ছত্র প্রশাসনিক কর্তৃত্ব’সহ নানা অভিযোগ তুলে ধরা হয়। বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ায় তদন্তের মাধ্যমে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রয়োজনীয় নথিপত্র শিল্প মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
তদন্ত-সংক্রান্ত এ পত্রে স্বাক্ষর করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান রশিদুল হাসান।
এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান সাংবাদিকদের বলেন, ‘যেকোনো অভিযোগ গণমাধ্যমে এলে তার তদন্ত হওয়া উচিত। আমিও চাই, তদন্ত হোক। আমি ভালো কাজ করতে চাই, তবে কিছু খারাপ মানুষ তা বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’



