পদ্মাসেতু এলাকায় নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র আবু নাঈমের (২৪) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর ৪ নম্বর পিলার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাঈম নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাতপুকুরিয়া (কলসনগর) গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু রায়হানের ছেলে।
এর আগে, দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল সাড়ে ৭টায় নৌবাহিনীর কমোডর মহিউদ্দীনের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে যৌথবাহিনীর সদস্যরা। গত শনিবার আর্মি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ১৮ জন শিক্ষার্থী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতুর মাওয়াঘাট এলাকায় বেড়াতে যান। সেখানে পদ্মা নদীতে গোসল করতে নেমে নাঈম নিখোঁজ হন। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় মোহাম্মদ তানভিরকে (২৪) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত নাঈমের চাচাতো ভাই মশিউর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এমআইএসটির তিন বন্ধু তানভির, সোহান ও নাঈম মাওয়া এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নাঈম ও তানভির নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় সোহান তীরে উঠতে পারলেও নাঈম মুহূর্তেই পানিতে তলিয়ে নিখোঁজ হন।
নৌবাহিনীর কমোডর মহিউদ্দিন জানান, পদ্মাসেতু এলাকায় নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল থেকে রাত অবধি অভিযান চালিয়ে উদ্ধার না হওয়ায় দ্বিতীয় দিনের মতো আজ সোমবার সকাল ৭টা থেকে আবারো অভিযান শুরু হয়।



