সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: সরওয়ার আলমকে প্রত্যাহার করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি
সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি |নয়া দিগন্ত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: সরওয়ার আলমকে প্রত্যাহার করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। সম্প্রতি শাহজালাল ও শাহ পরানের মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে উদ্যোগ গ্রহণ করায় তিন দিনের মাথায় তাকে প্রত্যাহার করাকে ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিয়েছেন এই নেতা।

রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে আবু হানিফ এই দাবি করেন।

আবু হানিফ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, প্রশাসনিক বদলি একটি রুটিন ওয়ার্ক বা স্বাভাবিক প্রক্রিয়া হলেও সরওয়ার আলমের ক্ষেত্রে এটি স্বাভাবিক নয়। তার ভাষ্যমতে, ‘তিন দিন আগে মাজারের অব্যবস্থাপনা নিয়ে কথা বলাতেই তাকে সরিয়ে দেয়া হয়েছে, এটা সহজেই অনুমেয়।’

তিনি বলেন, ‘এর আগে সিলেটের পাথর খেকোদের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পেশাদারিত্ব বজায় রেখে কাজ করায় আওয়ামী লীগ সরকারের সময়ও তাকে শাস্তি পেতে হয়েছিল। একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা বারবার অসাধু চক্রের কাছে পরাজিত হচ্ছেন।’

সরকারের উদ্দেশ্যে আবু হানিফ বলেন, ‘সরকারের উচিত তাকে পুনর্বহাল করা। তা না হলে জনগণের মনে প্রশ্ন জাগবে, এই সরকারও কি সিন্ডিকেটের কাছে জিম্মি?’

উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে আলোচিত কর্মকাণ্ড ও কঠোর অবস্থানের জন্য সরওয়ার আলম বেশ পরিচিতি পান। বিশেষ করে পাথর কোয়ারি রক্ষা এবং অবৈধ দখলের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছিল। তবে তার এই হঠাৎ প্রত্যাহারের সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।