ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে গত ৫ আগস্ট সদরপুর থানা ভাঙচুর, অস্ত্র ও মালামাল লুটের মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শাহজাহান শেখ (৫৭) মো: সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শামীম শেখ (২১) আয়ুব ফকির (৫৩) বছর কামাল বেপারী (২৪) মুন্না ফকির (২০) বায়েজিদ ফকির (২৫) হাফিজুল শেখ (২২) বাবলু ফকির (৫৫) শুকুর বেপারী (৭০)। তাদের বাড়ি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে সদরপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে সদরপুর থানার তৎকালীন এসআই কাজী রিপন হোসেন ওই দিন একটি সাধারণ ডায়েরি করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ওই অভিযোগের তদন্ত করে শনিবার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানে ঘটনার সাথে জড়িত ১১ জনকে কৃষ্ণপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার হলেও বাকি অস্ত্র ও মালামাল উদ্ধারে আদালতের মাধ্যমে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।



