ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার ভোররাত ও সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৩টা ২০ মিনিটের দিকে কামারখোলা ব্রিজের ঢালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি পিকআপ সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। গাজীপুর থেকে বাড়ির মালামাল নিয়ে পিরোজপুরগামী ওই পিকআপের পেছনে পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। এ সময় মিরপুর থেকে বরগুনাগামী সেইন্টমার্টিন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে পিকআপটিকে ধাক্কা দিলে পিকআপের যাত্রী ও বাসের সামনের কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে পিকআপের যাত্রী সুমন মৃধা (২৪) ও চালক ফুরকান ইসলাম (৪৫) রয়েছেন। তাদের বাড়ি পিরোজপুর জেলায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরো চারজন আহত হন।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন কাইয়ুম (২৫) পাবনা সদর, সুজন (২৮) কুষ্টিয়ার কুমারখালী, হৃদয় ভূঁইয়া (১৮) ফরিদপুরের ভাঙ্গা এবং বাইজিদ শেখ (১৩) ফরিদপুরের রাজৈর এলাকার বাসিন্দা।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার সময় যান চলাচল স্বাভাবিক রাখতে ছনবাড়ী আন্ডারপাস বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোররাতে কামারখোলা ব্রিজ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
তিনি আরো জানান, সকালে বেজগাঁও এলাকায় পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরো চারজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।



