বাঁশখালীতে পাউবোর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ বিএনপি নেতার

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

Location :

Banshkhali

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও সমুদ্র সৈকতের ঝাউগাছ কাটার অভিযোগ তুলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

ইউএনও রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, 'বাঁশখালীর কালীপুর ইউপির খাসমহল সংলগ্ন পাউবোর একটি কার্যালয় আছে। পাউবোর কর্মকর্তারা এই কার্যালয়ে থেকে কার্যক্রম পরিচালনার কথা থাকলেও দীর্ঘদিন ধরে এই কার্যালয়ে কোন কার্যক্রম নেই। অযত্ন, অবহেলায় ফেলে রাখা হয়েছে সরকারি এই সম্পত্তি। পাউবোর কর্মকর্তারা চট্টগ্রামের বহদ্দারহাটে অফিস করেন। ওখানে তারা টাকা পয়সা নিয়ে ঠিকাদারদের কাজ দিয়ে দেন। বাঁশখালীর অফিসে তারা অফিস করলে মানুষ সহজে তাদের সেবা পাবেন। তাদেরকে বাঁশখালীতে অফিস করানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে এমপি মহোদয় ও ইউএনও মহোদয়ের প্রতি অনুরোধ জানাই।'

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই নেতা আরো অভিযোগ করেন, 'কিছুদিন আগে ইউএনও অফিসে পাউবোর এক কর্মকর্তাকে (পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল) বলতে শুনেছি, বেড়িবাঁধে ব্লক ডাম্পিংয়ের জন্য তারা সমুদ্র সৈকতের ঝাউগাছ কেটে ফেলবেন। সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর মাধ্যমে অনেক কষ্টে এই ঝাউগাছ আমরা লাগিয়েছিলাম। এই ঝাউগাছগুলো বেড়িবাঁধ রক্ষার জন্য ব্লক থেকেও শক্তিশালী। আমি অনুরোধ করবো, এই ঝাউগাছগুলো কাটার জন্য যেন অনুমতি না দেয়া হয়। প্রয়োজনে তারা বিকল্প পদ্ধতিতে পাথর ডাম্পিং করবেন।'

এ ব্যাপারে জানতে পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী অনুপম পালের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া না যাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।