রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নছিমন গাড়ি উল্টে ইব্রাহিম হোসেন মনা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো: জিল্লু শেখ (৫০) নামে আরেক কৃষক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ইব্রাহিম হোসেন মনা পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মরহুম নির্জান মণ্ডলের ছেলে। গুরুতর আহত মো: জিল্লু শেখ একই গ্রামের মরহুম খালেক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ইব্রাহিম হোসেন মনা ও জিল্লু শেখ পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নছিমন গাড়িতে করে সোনাপুর বাজারের দিকে রওনা দেন। পথিমধ্যে সকাল ৮টার দিকে কালুখালির মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ নছিমন গাড়িটির ডান পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে দুর্ঘটনার কবলে পড়ে এবং দু’জন কৃষকই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহিম হোসেন মনার মৃত্যু হয়। অপর আহত জিল্লু শেখের শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।



