দোয়ারাবাজারে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধে এলাকাবাসীর পথসভা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া, লুভিয়া ও পূর্ব সোনাপুর এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
দোয়ারাবাজারে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধে এলাকাবাসীর পথসভা
দোয়ারাবাজারে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধে এলাকাবাসীর পথসভা |নয়া দিগন্ত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া, লুভিয়া ও পূর্ব সোনাপুর এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) নরসিংপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপুর পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পথসভায় এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, ১নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী গ্রাম সারপিনপাড়া, পূর্ব সোনাপুর ও লুভিয়াসহ আশপাশের এলাকায় মাদক সেবন ও কারবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। কিন্তু তাদের প্ররোচনায় দিন দিন এলাকার যুবসমাজ ধ্বংসের পথে এগোচ্ছে। এতে করে ব্যক্তি, পরিবার ও সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে।

মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই।

ইউপি সদস্য ধন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ মো: নওশাদ জামিল, গোল্ডেন ফিউচার মডেল অ্যাকাডেমির পরিচালক মাওলানা আব্দুল খালিক মানিক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সমাজসেবক হাশিম মিয়া, স্কলার্স অ্যাকাডেমির পরিচালক ছামির আলী, ফরিদ মিয়া ও সেনু মিয়া।

রুবেল মিয়া ও নুর আলমের যৌথ সঞ্চালনায় মাদকবিরোধী পথসভায় এলাকার সচেতন যুবসমাজ, শিক্ষক, রাজনৈতিক প্রতিনিধি, আয়োজক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

পরিশেষে লুভিয়া ও পূর্ব সোনাপুর মাদরাসার মোহতামিম মাওলানা আবু তাহেরের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।