ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্তকৃতরা হলেন সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক), সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের ফাইজুর রহমান ও কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের মো: ফারুক ইসলাম ভূইয়া।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা গতকাল চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তাদের বিরুদ্ধে জন্মনিবন্ধন প্রদানে অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাদের শোকজ করা হয়েছে।’



