নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় নকল ও লাইসেন্সবিহীন ডামফিক ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে মো: আমিরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন।
অভিযুক্ত আমিরুল উপজেলার পাটুল গ্রামের মো: ঈমান আলী মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনো সরকারি দফতরের অনুমোদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কেমিক্যাল ও হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে নকল ডামফিক ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমিরুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে আমিনুল তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।
এ সময় ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল টাইলস ক্লিনার, ১৩টি জারকিনে সংরক্ষিত ৫০০ লিটার ভিক্সল নামীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড জব্দ করা হয়। এছাড়া নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রায় ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল, লাইসেন্সবিহীন ও অননুমোদিত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
অভিযানের আইন-শৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার একটি পুলিশ দল এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।



