গাংনীতে গরুবোঝাই নসিমন উল্টে চালক নিহত, আহত ১০

মেহেরপুর থেকে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারটি চালকসহ ব্যবসায়ীদের নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুর হাটের উদ্দেশে রওনা হয়। রাইপুর বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গরুবোঝাই নসিমন উল্টে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন
গরুবোঝাই নসিমন উল্টে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন |নয়া দিগন্ত গ্রাফিক্স

মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবোঝাই একটি লাটাহাম্বার বা নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে চালক উজ্জ্বল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৪৭), রাজা মিয়া (৬০), রাধাকান্তপুর গ্রামের লিটন আলী (৪৬), মুজিবনগর উপজেলার চকশ্যামনগর গ্রামের কবির হোসেন (৪২), মনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৫২), চকশ্যামনগর গ্রামের ওসমান আলী (৪৮) ও ইসরাফিল হোসেন (৩৫), মনাখালী গ্রামের সাব্দার মণ্ডল (৫৫) ও রফিকুল ইসলাম (৫৫) এবং সদর উপজেলার যাদবপুর গ্রামের নাজমুল হোসেন (৩৫)। তারা সবাই গরু ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারটি চালকসহ ব্যবসায়ীদের নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুর হাটের উদ্দেশে রওনা হয়। রাইপুর বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে লাটাহাম্বারটি উল্টে গেলে গাড়িতে থাকা যাত্রী ও গরুগুলো নিচে চাপা পড়ে।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরো চারজনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত অবৈধ লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং আহত গরুগুলোরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।