রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে পাংশায় দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় মো: নজরুল ইসলাম (২৮) নামের এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে পাংশা কলেজ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: সাফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবার (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় অকোজো ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক নজরুল। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।



