সিলেট নগরীতে নয় হাজার ৬৭০ পিস ইয়াবার চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর মোগলাবাজারের নৈখাই খালেরমুখ বাজারে হক ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়।
আটক হওয়া তিনজন হলেন— কুড়িগ্রামের রৌমারী থানার চর নতুনবন্দর গ্রামের মরহুম লাল মিয়ার ছেলে মো: নুর হাকিম (৩০), একই থানার শৌলমারী গ্রামের আজবাহার মিয়ার ছেলে মো: রুবেল মিয়া (৩০) ও নতুনবন্দর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো: এহসানুল হক (২৬)।
এসএমপি সূত্র জানিয়েছে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, পলাতক কয়েকজনের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করা হতো। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম। তিনি জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।



