বরিশাল জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা অবৈধভাবে মজুদের জন্য নেয়ার সময় শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যারমধ্যে রয়েছে ২৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন ও ২০০ লিটার পেট্রোল। একই পিকআপ থেকে নামানো পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআইর সদস্যরা।
সূত্রে আরো জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআইর সদস্যরা ওই পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



