কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও কুচাইতলী এলাকায় মসলার মিল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ ভালো মরিচের সাথে মিশিয়ে গুড়া করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।
অভিযান চলাকালে দেখা যায়, ভালো মরিচের সাথে অধিক পরিমাণ নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে মসলা প্রস্তুত করা হচ্ছে। এ সময় হাতেনাতে ধরা পড়লে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ‘আল-আমিন ফুড গ্রেইন মসলার’ মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একইসাথে অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ফ্লোরে মরিচ ও হলুদের গুড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার বিষয়টিও ধরা পড়ে।
এ ছাড়া বাসি খামির সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ‘বাখরাবাদ মাটির হাড়ি’ নামের একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো: নাজমুস সাকিব এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।



