বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ৬ এমপির মতবিনিময়

রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ছয়জন সংসদ সদস্য।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ৬ এমপির মতবিনিময়
বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ৬ এমপির মতবিনিময় |নয়া দিগন্ত

রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ছয়জন সংসদ সদস্য।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উন্নয়ন পরিকল্পনা, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো, আইনশৃঙ্খলা ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশ নেয়া বিরোধীদলীয় সংসদ সদস্যরা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে দেশের সব নির্বাচনী এলাকার প্রতি সমান গুরুত্ব দেয়া প্রয়োজন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভারসাম্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ তার সুফল ভোগ করবে বলেও তারা মত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের সেচ সঙ্কট নিরসনে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ, পদ্মা নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং, কৃষকদের জন্য সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ ছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি দ্রুত পূরণের ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরো জোরদার করার আহ্বানও জানান সংসদ সদস্যরা।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক সেবার মান আরো উন্নত করতে হবে। একই সাথে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের নিয়মিত সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরী আমির, সংসদ সদস্য মাওলানা ড. কেরামত আলী, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা: আবদুল বারী সরকারসহ রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ছয়জন সংসদ সদস্য।

এছাড়া জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা আমির ও অন্য নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেন, ‘বিরোধীদলীয় সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যা, মতামত ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘মাঠপর্যায়ে সরকারি কার্যক্রমের গতি বৃদ্ধি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যকর সমন্বয় এবং সংবিধান ও আইনের আলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’