চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় ঝোপ থেকে দু’টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। ওই এলাকার রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের ভেতরে ফেলে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে এসব রাখা ছিল।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে র্যাব-১১ খবর পায় যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দু’টি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।
র্যাব জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেয়া হয়নি। জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



