রাজাপুরে দাঁড়িপাল্লার কর্মীদের ওপর হামলার অভিযোগ, প্রার্থী লাঞ্ছিত

কেন্দ্রে ভোট কাটা হচ্ছে- এমন অভিযোগের খবর পেয়ে ড. ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে কেন্দ্রে যান।

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের আদাখোলা স্কুল ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জাহিদ, প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল ও কর্মী সাইফুল।

আহতদের অভিযোগ, কেন্দ্রে ভোট কাটা হচ্ছে- এমন অভিযোগের খবর পেয়ে ড. ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে কেন্দ্রে যান। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। প্রার্থীকে রক্ষা করতে গেলে তার পিএস খায়রুলসহ কয়েকজন কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, তাকে হত্যার চেষ্টা করা হয়। দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে দেয়া হয়।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ‘ওই কেন্দ্রের ভোটগ্রহণ চলমান রয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’