ঈদ উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে এখনো যানবাহন চলাচল স্বাভাবিক আছে। ঈদের ছুটি শুরু হলে যানবাহনের চাপ বাড়বে বলে মনের করছেন সংশ্লিষ্টরা। ঈদের লম্বা ছুটিতে যানবাহনের বাড়তি চাপ সামলাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) বিকেলে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।
প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, ঈদযাত্রা আরো নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ইটিসি সুবিধাসহ দুই প্রান্তে মোট ১৭টি টোল বুথ সার্বক্ষণিক সচল রাখা হচ্ছে। পাশাপাশি টোল প্লাজা সংলগ্ন পয়েন্টে জাজিরামুখী বাস বে খুলে দেয়া হয়েছে। বাস-বে চালু হওয়ায় যাত্রী ওঠানামা আরো সুশৃঙ্খল হয়েছে।
তিনি জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যানবাহন চলাচল পুরোপুরি শুরু হয়নি। তবে, ঈদের ছুটি শুরু হলে যান চলাচল বাড়বে বলে আমরা আশা করছি।
সেতু কর্তৃপক্ষের তথ্য মতে, শনিবার চব্বিশ ঘণ্টায় মাওয়া ও জাজিরা উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে মোট ১৭ হাজার ৫৮৮টি। এতে মোট টোল আদায় হয়েছে দুই কোটি ২৪ লাখ ২৩ হাজার ২৫০ টাকা।
শুক্রবার ২৪ ঘণ্টায় উভয় প্রান্তে মোট যানবাহন পারাপার হয়েছে ১৯ হাজার ৯২৫টি। এদিন টোল আদায় হয়েছে দুই কোটি ৫৮ লাখ নয় হাজার ৩৫০ টাকা।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় মোট যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ৪৬৪টি। এ দিন টোল আদায় হয় প্রায় দুই কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের দুই ঈদে সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী ঈদুল ফিতরে প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার ও ঈদুল আজহায় সাড়ে ৩৩ হাজার যানবাহন পারাপার করা হয়েছিল। সে সময় ঈদুল ফিতরে দৈনিক গড়ে টোল আদায় হয়েছিল প্রায় তিন কোটি তিন লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে ঈদুল আজাহার সময় দৈনিক গড়ে টোল আদায় হয়েছিল প্রায় তিন কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে ঈদযাত্রা আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে মাওয়া টোল প্লাজা সংলগ্ন পয়েন্টে জাজিরামুখী বাস বে উন্মুক্ত করা হয়েছে। রোববার দুপুর থেকে এ বাস-বে চালু হওয়ায় যাত্রীদের ওঠানামা সহজ হয়।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক সন্ধ্যায় নয়াদিগন্তকে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোববার যানবাহনের তেমন চাপ না দেখা গেলেও আগামীকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।



