ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘মেধাস্বত্ব সম্পর্কে যথাযথ জ্ঞান ও সুরক্ষা নিশ্চিত ছাড়া গবেষণার প্রকৃত স্বীকৃতি সম্ভব নয়। গবেষণা ও উদ্ভাবনের সুরক্ষা নিশ্চিত করতে হলে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘মেধাস্বত্বের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক গবেষক ও উদ্ভাবকের অধিকার। বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের পরিসর যত বাড়ছে, মেধাস্বত্বের গুরুত্বও তত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বে উদ্ভাবন ও গবেষণাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।’
বুধবার (৬ মে) বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে ডুয়েট ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো: সাইদুর রহমান।
ভিসি অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ‘উদ্ভাবনের যথাযথ সুরক্ষা নিশ্চিত না হলে উদ্ভাবকের স্বীকৃতি ও বাণিজ্যিকীকরণের সুযোগ হারানোর আশঙ্কা থাকে। তাই একজন গবেষক বা উদ্ভাবকের চিন্তা, ধারণা ও সৃজনশীল কাজের আইনগত সুরক্ষা নিশ্চিত করতে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষক ও গবেষকরা মেধাস্বত্বের আবেদন প্রক্রিয়া, নিবন্ধন পদ্ধতি ও সংশ্লিষ্ট আইনগত বিষয় সম্পর্কে আরো গভীর ধারণা লাভ করবেন। শিক্ষক ও গবেষকদের মৌলিক কাজের স্বীকৃতি নিশ্চিত করতে আমি মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
বিশেষ অতিথির বক্তব্যে ডুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তি নির্ভর এই প্রতিযোগিতামূলক সময়ে বৈশ্বিক জ্ঞানভিত্তিক সমাজে টিকে থাকতে মেধাস্বত্ব সুরক্ষার প্রক্রিয়া, বিধি-বিধান, নীতিমালা ও আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা অপরিহার্য।’
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অনুষ্ঠান শেষ হয়।



