দামুড়হুদায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Chuadanga
স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উবায়দুর রহমান সাহেল।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে এই সভায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের কোনো প্রতিনিধিকেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর মুক্তিযোদ্ধাদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। অভিযোগ উঠেছে, জাতির এ গুরুত্বপূর্ণ দিবসের প্রস্তুতি সভায় ইচ্ছাকৃতভাবে বীর মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করা হয়েছে।

উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রস্তুতি সভা হবে আর সেখানে বীর মুক্তিযোদ্ধাদের দাওয়াতই দেয়া হবে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি কোনো লিখিত আমন্ত্রণপত্র পাইনি।‘

তিনি আরো বলেন, ‘জাতির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের এভাবে অবমূল্যায়ন করা অত্যন্ত কষ্টদায়ক।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উবায়দুর রহমান সাহেলের বলেন, ‘আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চুয়াডাঙ্গায় থাকার কারণে উপজেলা মিটিংয়ে উপস্থিত হতে পারেননি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদায় দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উবায়দুর রহমান সাহেলের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের প্রতি অবহেলা ও অবমূল্যায়নের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এ ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।

মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা আয়োজনের ঘটনায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।