মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে নয়টি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিটের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু দত্তের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাবুল বিশ্বাসের গ্যাস সিলিন্ডারের দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এভাবে বাজারের আরো কয়েকটি দোকানে ছড়ায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন সুজন হোটেলের মালিক সুজন সরকার বলেন, ‘আমার সম্বল বলতে এই দোকানটাই ছিল। চোখের সামনে সব পুড়ে শেষ হয়ে গেল। আমি কিছুই রক্ষা করতে পারলাম না। এখন পরিবার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো, তা বুঝতে পারছি না।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে কেউ আহত হননি, তবে মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’



