শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ইসলামকে সকল স্তরে বাস্তবায়নের মাধ্যমে দ্বীন কায়েম করা সম্ভব। কারণ, দ্বীন কায়েম না হলে ইসলামের সকল হুকুমগুলো মেনে চলা সম্ভব না। আর এ কাজ সুসম্পন্ন করতে হলে শক্তিশালী একটি ইসলামী সংগঠন একান্ত প্রয়োজন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ
ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় শিবচর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে শিবচর পৌরসভা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবচর উপজেলা শিবিরের সভাপতি মো: আল-আমিনের সঞ্চালনায় এবং ডা: বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসেন শিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা সাইদুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন শিং বলেন, ‘আমরা জামায়াতে ইসলামী কী চাই, কেনো চাই, কীভাবে চাই এ ম্যাসেসগুলো জনগণের কাছে পৌঁছে দেয়া আমাদের কাজ। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। ইসলামকে সকল স্তরে বাস্তবায়নের মাধ্যমে দ্বীন কায়েম করা সম্ভব। কারণ, দ্বীন কায়েম না হলে ইসলামের সকল হুকুমগুলো মেনে চলা সম্ভব না। আর এ কাজ সুসম্পন্ন করতে হলে শক্তিশালী একটি ইসলামী সংগঠন একান্ত প্রয়োজন। জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। জামায়াতে ইসলামী কোনোভাবেই নীতি-আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চায় না।’

তিনি জানান, রাজনৈতিক সাফল্যের জন্য আদর্শকে ত্যাগ করা তাদের নীতির পরিপন্থী। তারা দ্বীনের স্বার্থে রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং কোনো পরিস্থিতিতেই ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হন না।

বিশেষ অতিথির বক্তব্যে সাঈদুর রহমান সাঈদ বলেন, ‘মানব জীবনের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন। তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— শিবচর পৌর জামায়াতের সেক্রেটারি মো: জাহাঙ্গীর হোসেন খান, মাদারীপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মো: আবুল বাশার আকন, শিবচর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মাঈনুল ইসলাম সিদ্দিকী দুলাল গোমস্তা, শিবচর পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো: নুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।