মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার বেলা ১২টার দিকে তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জিআর ১৮৫(২)২৪, ১৯৯(২)২৪ ও ২০৭(২)২৪ নাশকতা মামলা এবং জিআর ৩(২)২৪ সন্ত্রাস দমন আইনের মামলায় অভিযুক্ত এসব নেতাকর্মী আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য দৌলত জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি, সহ-সম্পাদক তোফায়েল আহমেদ বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরগ আলী হিলারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ ছাড়া কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু, জোড়খালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ মেম্বার, চরপাকের ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ ফুল বাদশা, তেঘরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছলো মিয়া ও শাহিন, আদারভিটা ইউনিয়নের রনি মেম্বার, মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল হাসান সিয়াম ও সদস্য সালমানসহ মোট ১৯ জন আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগে একই মামলায় প্রথম দফায় ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছিলেন। সোমবার দ্বিতীয় দফায় আরো ১৯ জন আত্মসমর্পণ করেন।



