কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে মোহাম্মদ চাঁদ (৩) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ চাঁদ নাগেরগ্রামের আশাদ মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের কাছেই ছিল চাঁদ। সবার অজান্তেই বাড়ির সামনে টিউবওয়েলের কাছে পানি ভর্তি গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে নিয়ে আসার পর সার্বিক অবস্থা দেখে মৃত ঘোষণা করা হয়েছে।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির সামনে টিউবওয়েলের কাছে একটি পানির গর্তে পড়ে চাঁদ নামের এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।’



