নিখোঁজের ৩০ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি শিশু আরিয়ানের

নদীর পাড়েই আরিয়ানের পরনের জামা-কাপড় পাওয়া যায়। ঘটনার পরপরই এলাকাবাসী ওই নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ময়মনসিংহের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টার পর শিশুটির খোঁজ না পেয়ে তারা অভিযান স্থগিত করেন।

Location :

Madan Upazilla
নিখোঁজ শিশু আরিয়ান
নিখোঁজ শিশু আরিয়ান |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে আরিয়ান (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসনাত জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, গত বুধবার দুপুর ১২টার দিকে আরিয়ান নানার বাড়ি থেকে নিখোঁজ হয়।

নিখোঁজ আরিয়ান (আরফান) মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বিন্নি গ্রামের আনিস মিয়ার (৫০) মেয়ের ছেলে। এক মাস আগে মাসহ আরিয়ান তার নানার বাড়িতে বেড়াতে আসে। নিখোঁজ শিশু আরিয়ান কেন্দুয়া উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের সানাউল্লাহ মিয়ার (৩৫) ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের আগে নানা বাড়িতে খেলছিল আরিয়ান। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মগড়া নদী। নদীর পাড়েই আরিয়ানের পরনের জামা-কাপড় পাওয়া যায়। ঘটনার পরপরই এলাকাবাসী ওই নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ময়মনসিংহের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টার পর শিশুটির খোঁজ না পেয়ে তারা অভিযান স্থগিত করেন।

পরিবার ও স্থানীয়দের মনে প্রশ্ন, শিশু আরিয়ান খেলা করছিল, তার পরনের জামা-কাপড় নদীর পাড়ে পাওয়া গেলো। এ ঘটনায় ময়মনসিংহ ডুবুরি দল নদীতে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি আরিয়ানের। তাহলে আরিয়ানের কি হলো?

এ ঘটনায় আরিয়ানের নানা বুলবুল খান মদন থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসনাত জামান বলেন, ‘এখনো পর্যন্ত শিশু আরিয়ানের খোঁজ মেলেনি। থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে খোঁজাখুঁজি অব্যাহত আছে।’